৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে
চাঁপাইনবাবগঞ্জে হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচীর উদ্বোধন
- Update Time : ০১:৫৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৪৮ Time View
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচী-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(৫ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.মো. শাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিভিল সার্জন অফিস, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
জানা যায়, এ বিশেষ টিকাদান কর্মসূচীর আওতায় জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। আগামী ৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকরা জানান, হাম একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই সকল অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।


























