https://www.facebook.com/obaidul1991
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত “কে-সেফটি এক্সপো ২০২৬”-এ বাংলাদেশ দূতাবাসের অংশগ্রহণ
- Update Time : ০৪:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

বাংলাদেশ দূতাবাস, সিউল গত ২ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দক্ষিণ কোরিয়ার বন্দর
নগরী বুসানে অবস্থিত বেক্সকো এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত "কে-সেফটি এক্সপো ২০২৬" (K-
Safety Expo 2026)-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দক্ষিণ কোরিয়ার ইনটেরিয়র ও সেফটি
মন্ত্রণালয় এবং বুসান মহানগর সিটি কর্পোরেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় এবং বেক্সকো, বুসান
টেকনোপার্ক ও KOTRA এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলাটি ছিল এর ১২তম আসর। “The
Convergence of Advanced Technologies, The Future of Safety” — অর্থাৎ “অত্যাধুনিক
প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠবে নিরাপত্তার ভবিষ্যৎ” — প্রতিপাদ্যে আয়োজিত এবারের মেলায়
বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের মোট ১০টি দেশের ৩৪০টি প্রতিষ্ঠান ৯২০টি
বুথের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করে। তিন দিনব্যাপী এই
মেলায় প্রায় ৪০,০০০ দর্শনার্থীর সমাগম ঘটে। মেলাটি দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় নিরাপত্তা
শিল্প প্রদর্শনী হিসেবে পরিচিত এবং বিগত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান অংশগ্রহণকারী ও
দর্শনার্থীর সংখ্যা এই মেলার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা ক্রমশ: বৃদ্ধি করছে।
এবারের মেলায় শিল্প নিরাপত্তা, দুর্যোগ ও অগ্নি নিরাপত্তা, নিরাপত্তা প্রযুক্তি
(সিকিউরিটি), পরিবহন ও সামুদ্রিক নিরাপত্তা, বন্যা-ভূমিধস-ভূমিকম্প নিরাপত্তা এবং দৈনন্দিন
নিরাপত্তাসহ নিরাপত্তা শিল্পের বিভিন্ন প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হয়। মেলার উদ্বোধনী
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ইনটেরিয়র ও সেফটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইয়ুন হু-জং,
বুসান মহানগরীর ভাইস মেয়র এবং আসিয়ান (ASEAN) ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়
(UNDRR)-সহ অন্যান্য আমন্ত্রিত উচ্চপর্যায়ের দেশী-বিদেশী কূটনীতিক ও অতিথিবৃন্দ যৌথভাবে
এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া মেলা চলাকালীন “গ্লোবাল ডিজাস্টার অ্যান্ড সেফটি
বিজনেস ফোরাম” শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনসহ ২৬টি পেশাদার সম্মেলন ও সেমিনার
অনুষ্ঠিত হয়, যেখানে বৈশ্বিক দুর্যোগ ব্যবস্থাপনা নীতি ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা
করা হয়।

এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ দূতাবাস, সিউল বাংলাদেশে উৎপাদিত
উন্নতমানের সেফটি সু, হ্যান্ড গ্লোভস, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেফটি জ্যাকেট ও অন্যান্য
পণ্য বিশ্বমঞ্চে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে দেশি-বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের
মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ দূতাবাসের বিশেষ আমন্ত্রণে দেশের
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লি:, লোটাস ফুটওয়্যার লি:, কেএস লেদার গ্লোভস
লি:, ফুলএভার বাংলাদেশ লি:, ক্রাফটসম্যান, ঐশী ডিজাইনস লি: এবং সু-ইনভার্স লি: কর্তৃক
প্রেরিত সেফটি পণ্যসমূহ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়।
মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক কোরিয়ান ও বিদেশি দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন
পরিদর্শন করেন এবং বাংলাদেশের সেফটি পণ্য, বিশেষত ইন্ডাস্ট্রিয়াল সু, সেফটি জ্যাকেট ও হেভী
ডিউটি লেদার হ্যান্ড গ্লোভস দেশি-বিদেশি ক্রেতাদের মাঝে গভীর আগ্রহ সৃষ্টি করে। প্যাভিলিয়ন
পরিদর্শনকালে বিভিন্ন দেশের ক্রেতা ও প্রতিনিধিদের সাথে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের
মতবিনিময় হয়, যা ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা
যাচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ দেশের
রপ্তানিমুখী নিরাপত্তা পণ্য শিল্পের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(সংবাদ বিজ্ঞপ্তি)























