https://www.facebook.com/obaidul1991
বিজয়নগরে লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ইব্রাহিম মিঞা
- Update Time : ০২:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

মাহমুদুল হাসান জামিল , উপজেলা প্রতিনিধি, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম মিঞা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যাডহক কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই প্রচলিত বিধি অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪(১০) ধারা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম মিঞা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি মানসুরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম কমিটির সদস্য হিসেবে রয়েছেন। নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. ইব্রাহিম মিঞা এক প্রতিক্রিয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব অর্পণ করায় তিনি বোর্ড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি বিদ্যালয়টিকে বিজয়নগর উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।



























