০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে জমি বিরোধের জেরে শিক্ষককে কুপিয়ে আহত, ছিনতাইয়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০১:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৬৬ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. দেলোয়ার আজম (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বাগমারা এলাকার একটি চলাচলের রাস্তার ওপর এ ঘটনা ঘটে। আহত যুবক স্থানীয় গৃহশিক্ষক (টিউশনি) হিসেবে কর্মরত বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বাঁশখালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা মো. দেলোয়ার আজমের পরিবারের সঙ্গে একই এলাকার মো. আবদুর রশিদ (৩০), মো. ফরহাদ (২৫) ও মো. রুবেল (২২)-এর দীর্ঘ দিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে এর আগেও প্রতিপক্ষরা বাদীর খামারের প্রায় ১৫০টি হাঁসের খাবার পানিতে বিষ মিশিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এতে বাদীর আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়। এ নিয়ে প্রতিবাদ করায় বাদীকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।
এজাহারে ভুক্তভোগী দেলোয়ার উল্লেখ করেন, ঘটনার রাতে তিনি টিউশনি শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে বাগমারা এলাকার রাস্তায় ওত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় দা ও লোহার রড নিয়ে তার পথরোধ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় আঘাত করা হয়। হামলায় তার মাথা, ডান কাঁধ ও ডান বাহুতে গুরুতর জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা জোরপূর্বক দেলোয়ারের পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা এই বিষয়ে মামলা করলে দেলোয়ারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার মাথায় সেলাই দেন এবং আঘাতের গুরুত্ব বিবেচনা করে এক্স-রে করার পরামর্শ দেন।
ভুক্তভোগী দেলোয়ার আজম জানান, ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিপক্ষরা কোনো সমঝোতায় না আসায় এবং উল্টো হুমকি ধমকি দিতে থাকায় তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Tag :



























