sonalishopbd.com
দুর্গাপুরে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন রুমী
- Update Time : ১২:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে ইউনিয়নের হাট-বাজার ও পাড়া-মহল্লা। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে বেশ আলোচনায় উঠে এসেছেন উচ্চশিক্ষিত ও সমাজসেবক জালাল উদ্দিন রুমী।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন রুমী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। শিক্ষাগত যোগ্যতায় তিনি ইংরেজি বিষয়ে বি.এ (অনার্স) এবং এম.এ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। একজন শিক্ষিত, মার্জিত ও সৎ ব্যক্তি হিসেবে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তাঁর একটি বিশেষ গ্রহণযোগ্যতা ও ইতিবাচক পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
sonalishopbd.com
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার খবরে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মুরুব্বিদের সাথে কুশল বিনিময়, উঠান বৈঠক এবং তরুণ ও শিক্ষিত সমাজের সাথে মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে তিনি এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপকদের মাঝে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন রুমী বলেন, “গাঁওকান্দিয়া ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় ন্যায় ও সত্যের পথে থেকে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী যদি আমাকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে আমি এই জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নে নিজেকে সম্পূণরুপে উৎসর্গ করব।”
স্থানীয় ভোটারদের মতে, সৎ, উচ্চশিক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে জালাল উদ্দিন রুমী একজন যোগ্য প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। আগামী দিনগুলোতে তাঁর নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে আশা করছেন তাঁর সমর্থকরা।


























