সিংড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
- Update Time : ০১:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ২৮৯ Time View

মোঃ ফরিদুল ইসলাম তালুকদার (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে চড়া দামে বিক্রি করার অপরাধে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার চামারি ইউনিয়নের দুলুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আসাদ আলী সরকারি লাইসেন্স বা অনুমোদন ছাড়াই তার প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি সাধারণ কৃষকদের কাছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এই তেল বিক্রি করছেন। অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মজুদকৃত তেল দ্রুত বাজারমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা অবৈধ মজুদের মাধ্যমে ভোক্তাদের ভোগান্তি বাড়ায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে” বলে জানিয়েছেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। স্থানীয়রা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।













