রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- Update Time : ০২:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২৪৮ Time View

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা প্রশাসনের গাফিলতির কঠোর সমালোচনা করেন। সাংবাদিকদের মতে, এ ধরনের হামলা সাংবাদিকতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি হুমকি।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে (কোর্ট চত্বর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে ছিনতাই, সশস্ত্র হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তাদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব খাঁন, দৈনিক চৌকস পত্রিকার রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ, মানববন্ধনে বলেন,
“ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও আমার ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার হয়নি। এমনকি একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসনের এই গাফিলতিতে আমরা গভীরভাবে হতাশ।”
তিনি আরও বলেন, এই হামলা কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
এজাহার ও ভুক্তভোগীর বর্ণনায় জানা যায়, মোঃ রাজিব খাঁন (৪৪), পিতা—মৃত আমজাদ আলী, বাড়ি—মোহনপুর থানাধীন বসন্ত কেদার (বকপাড়া), গত ১৬ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সশস্ত্র ছিনতাইয়ের শিকার হন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি তার Hero HF Deluxe 13S (১০০ সিসি) লাল রঙের, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় একটি পালসার মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে।
পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে পবা থানাধীন হাসেন জুট মিল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। মুখে মানকি টুপি ও মাফলার পরিহিত এক দুর্বৃত্ত রামদা দিয়ে কোপ দিলে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। প্রাণভয়ে তিনি হাসেন জুট মিলের ভেতরে ঢুকে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। ইঞ্জিন নম্বর A00504 এবং চ্যাসিস নম্বর C00327।
ঘটনার পর পবা থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক মাইনুর রহমান মিন্টু, দৈনিক বাংলাদেশ সমাচারের আফতাবুল হোসেন, দৈনিক ঢাকার মেজবাউল রহমান, চৌকস পত্রিকার ক্রাইম রিপোর্টার মাসুদ রানা, রাজশাহী জেলা প্রতিনিধি আতিকুর রহমান, জাতীয় দৈনিক বাংলা প্রতিদিনের মো. লিটন আলী ও রাজশাহী ব্যুরো চিফ মোঃ সারোয়ার হোসেন, HSTV রিপোর্টার মো. হাসান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (রাজশাহী) সভাপতি এডভোকেট আরিফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট বেনজির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা কেবল ব্যক্তি পর্যায়ে নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য একটি অশনিসংকেত। দ্রুত দোষীদের গ্রেপ্তার, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।


























