সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর ডোবায় মিলল বৃদ্ধার বস্তাবন্দি লাশ: ছেলে ও পুত্রবধূ আটক
- Update Time : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৬ Time View

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মারিয়া বেগম শরিফা (৭৫) নামের এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তাঁর বড় ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ মে থেকে মারিয়া বেগম রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিলম্ব হলেও নিহতের মেয়ে মর্জিনা বেগম গত ৬ জুন সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার বিকেলে বড় ছেলের বাড়ির ঠিক পাশেই একটি ডোবার কচুরিপানার ভেতর বস্তাবন্দি অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম ও পুত্রবধূ খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধার নাতি শাহীন আলম জানান:
“দাদি নিখোঁজ হওয়ার পর থেকে আমরা সবাই যখন হন্যে হয়ে খুঁজছিলাম এবং থানায় যোগাযোগ রাখছিলাম, তখন আমার বড় চাচা (শহিদুল ইসলাম) সম্পূর্ণ উদাসীন ছিলেন। তাঁর এই রহস্যজনক ভূমিকা আমাদের মনে সন্দেহের সৃষ্টি করে। শেষ পর্যন্ত চাচার বাড়ির পাশের ডোবা থেকেই দাদির লাশ উদ্ধার হলো।”
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৬ জুন মেয়ের করা জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত চালাচ্ছিল। মঙ্গলবার বিকেলে ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ও ছেলের বউকে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।




























