সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা: বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক
- Update Time : ০২:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৮ Time View

ফরিদুল ইসলাম, (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিংড়া উপজেলা কোর্টমাঠে এ সভার আয়োজন করা হয়। জনসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি তার বক্তব্যে বলেন, “সিংড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন্নেসা পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য সচিব সারফুল ইসলাম বুলবুল। সভায় বক্তারা আরো বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের প্রাণ। নির্বাচনী মাঠে সব বাধা উপেক্ষা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এ সময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।





























