০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা, ছিনতাই; নিন্দা ও গ্রেপ্তারের দাবি
মো: আতিকুর রহমান
- Update Time : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
তন্ময় দেবনাথ জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং গ্রিন টিভির সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গভীর রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
হামলায় সাংবাদিক তন্ময় দেবনাথের দুই হাত, পা ও কোমরে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা তার ঘাড়ে ঝোলানো ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ওই ব্যাগে সাংবাদিকতার পেশাগত কাজে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি রাত প্রায় ৩টার দিকে বাসায় ফিরে যান। তবে হামলার ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক ধারণা, সম্প্রতি মাদকবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের একটি অংশের সঙ্গে চলমান পেশাগত বিরোধের বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা পূর্বপরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
Tag :





















