১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসি হিলে উঠতি বয়সী তরুন তরুনীদের অবাধ বিচরন: বিব্রত নগরবাসী, ক্ষুব্ধ নিরাপত্তা কর্মীরা
আনিছুর রহমান
- Update Time : ০১:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের অন্যতম বিনোদন ও শরীরচর্চার কেন্দ্র ডিসি হিল। প্রতিদিন সকাল-বিকেল শরীরচর্চা ও নির্মল প্রশান্তির আশায় এখানে ছুটে আসেন নানা বয়সের মানুষ।
কিন্তু সেই পারিবারিক পরিবেশ এখন হুমকির মুখে। পার্কটির নিভৃত কোণগুলোতে একশ্রেণির উঠতি বয়সী তরুণ-তরুণীর আপত্তিকর কর্মকাণ্ড ও অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন নিয়মিত দর্শনার্থীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশ ডিসি হিলকে তাদের ব্যক্তিগত মেলামেশার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। দিনের বেলাতেও ইউনিফর্ম পরা অবস্থায় এদের পার্কের বিভিন্ন অংশে আপত্তিকর অবস্থায় বসে আড্ডা দিতে দেখা যায়।
পার্কে নিয়মিত প্রাতঃভ্রমণে আসা অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিসি হিল আমাদের মানসিক প্রশান্তির জায়গা। কিন্তু ইদানীং তরুণ-তরুণীদের এমন সব কর্মকাণ্ড চোখে পড়ে যা রীতিমতো লজ্জা পাওয়ার মতই। পরিবারের নারী সদস্যদের নিয়ে এখন এখানে আসাটাও অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।
পার্কটির শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক আনসার সদস্য জানান, এদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, তাদের বাধা দিতে গেলে তারা উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আনসার সদস্য বলেন, আমরা যখন তাদের এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলি, তারা সংশোধন তো হয় না, উল্টো মারমুখী হয়ে তেড়ে আসে। এদের জঘন্য মনমানসিকতা দেখে আমরাও হতবাক। অনেক সময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
সচেতন নগরবাসীর মতে, অভিভাবকহীন এই তরুণ-তরুণীদের অবাধ বিচরণ পার্কের স্বাভাবিক শৃঙ্খলা ও নৈতিক পরিবেশকে কলঙ্কিত করছে। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এমন উপস্থিতিতে তাদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।
পার্কের পবিত্রতা রক্ষা এবং অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। দর্শনার্থীদের দাবি, পার্কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা টহল আরও জোরদার করতে হবে এবং প্রয়োজনে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে—এমনটাই প্রত্যাশা করছেন সচেতন নগরবাসী।
Tag :























