https://www.facebook.com/obaidul1991
খোশ আমদেদ হিজরি নববর্ষ ১৪৪৮: মাওলানা মো. মোবারক হোসাইনের শুভেচ্ছা ও দিকনির্দেশনা
- Update Time : ১২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৮ Time View

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মো. মোবারক হোসাইন।
এক লিখিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিজরি নববর্ষ কেবল একটি বর্ষবদল নয়; এটি মুসলিম উম্মাহর ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের মধ্য দিয়ে যে নতুন যুগের সূচনা হয়েছিল, সেই ঘটনাই হিজরি সনের ভিত্তি। এই হিজরত ছিল অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য, ন্যায় ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি আরও বলেন, হিজরতের শিক্ষা আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আমাদের ত্যাগ, ধৈর্য, আত্মসংযম ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়। বর্তমান সময়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে যে নৈতিক অবক্ষয় ও সংকট বিরাজ করছে, তা থেকে উত্তরণের জন্য হিজরতের আদর্শ অনুসরণ করা জরুরি।
মাওলানা মোবারক হোসাইন বলেন, নতুন হিজরি বছর আমাদের জন্য আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। বিগত বছরের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের জীবনকে গড়ে তোলা। তিনি সকলকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। অন্যায়, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, হিজরি নববর্ষ ১৪৪৮ সবার জীবনে রহমত, বরকত ও মাগফিরাত বয়ে আনুক। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হোক—এই কামনাও ব্যক্ত করেন তিনি। আমিন।



























