

বিশেষ প্রতিনিধি:চান্দ্রায় ফুটপাত ও যাত্রী ছাউনি দখল, ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও যাত্রী ছাউনি অবৈধভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগের আশঙ্কা করছেন। স্থানীয়দের অভিযোগ, চান্দ্রা এলাকায় ফুটপাতের বড় একটি অংশ দখল করে বিভিন্ন দোকানপাট, অস্থায়ী ব্যবসা ও যানবাহন পার্কিং করা হচ্ছে। ফলে পথচারীরা নিরাপদে হাঁটাচলা করতে পারছেন না। বাধ্য হয়ে অনেককে মহাসড়কে নেমে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। এছাড়াও যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনিগুলোও দখলের বাইরে নেই। কোথাও দোকান বসানো হয়েছে, আবার কোথাও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা স্থানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এ সময় ফুটপাতের সাথে গাড়ি পার্কিং ও অবৈধ দখলের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করছে। স্থানীয়রা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ ভয়াবহ রূপ নিতে পারে। সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, ফুটপাত দখলমুক্ত করা, যাত্রী ছাউনি উদ্ধার এবং মহাসড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।


























