পলাশে হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদ ও সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- Update Time : ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৭৪ Time View

বিল্লাল হোসেন, নরসিংদী : ১০ মার্চ, নরসিংদীর পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ (সাবেক বিশ্ববিদ্যালয় কলেজ) মাঠে হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদ ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আল হাসান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ থানার আমির মাওলানা আবদুল কাশেম শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। হিলফুল ফুযুল ও সাংবাদিক ফোরামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা সমাজের বিত্তবানদের দুস্থদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ থানার সেক্রেটারি মাওলানা মাসুদ করীম। ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোবারক হোসেন। আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছরের ন্যায় এবারও এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন।



























