রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু
- Update Time : ০২:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৭৪ Time View

রিপোর্টার ,ইব্রাহিম হোসেন: রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. অনিক। রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী রুপাকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন তিনি। এ সময় ট্রেন ছেড়ে দিলে অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে তুলতে চেষ্টা করেন। একপর্যায়ে রুপা খাতুন স্বামীর হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। ট্রেনটি চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় রুপাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাইনে কাটা পড়ে রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে


























