sonalishopbd.com
সুন্দরগঞ্জে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৪৫০ বছর পূর্তি উপলক্ষে বিশাল কোরআন সম্মেলন
- Update Time : ০২:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ২১ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধি: পবিত্র আল-কোরআন নাজিলের ১৪৫০ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আয়োজন করা হয়েছে বিশাল কোরআন সম্মেলন। আগামী ৬ ডিসেম্বর ২০২৬, রোববার, উপজেলার শিক্ষা নগরী হিসেবে পরিচিত শোভাগঞ্জে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশন ও আল-কোরআন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা গেছে, পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। কোরআনের আলোকে ন্যায়বিচার, মানবিকতা, নৈতিকতা, শান্তি ও পারস্পরিক সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলনে আলোচনা করা হবে।
আয়োজকরা মনে করেন, পবিত্র আল-কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সেই লক্ষ্যেই কোরআনের মর্মবাণী মানুষের কাছে পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সম্মেলনে স্থানীয় ও আশপাশের এলাকার আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শের আলোকে সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজকরা সুন্দরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

























