https://www.facebook.com/obaidul1991
বিজয়নগরে কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১১ Time View
মাহমুদুল হাসান জামিল ,উপজেলা প্রতিনিধি, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে কিশোরীর পরিবার ওই প্রস্তাবে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তাদের বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেন তারা।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, কিংবা পুলিশ পরবর্তী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



























