https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
- Update Time : ০৩:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৫০ Time View

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার মন্টুর দোকান সংলগ্ন পাকা রাস্তা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গত (২৪ জুন) বুধবার ভোর আনুমানিক ৪:৩০ মিনিটের সময় বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন নুর মোহাম্মদ (৩৭), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা; কামরুল ইসলাম শেখ (৪৯), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাসিন্দা এবং শাহাদাত হোসেন (৩৫), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার এসআই কাজী আবু কাউছার ও এএসআই মো. মনির হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি পিকআপযোগে পেকুয়া এলাকা থেকে বাঁশখালীর দিকে ডাকাতির উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
একপর্যায়ে সন্দেহভাজন পিকআপ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনসাধারণের সহায়তায় ধাওয়া করে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার মন্টু দোকানের সামনে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭-৮ জন সদস্য গাড়ি থেকে নেমে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পিকআপ গাড়ি থেকে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটার উদ্ধার করে জব্দ করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে এলাকায় সমবেত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
























