https://www.facebook.com/obaidul1991
স্বল্পমূল্যে ভিটামিন সমৃদ্ধ ভোজ্য তেল পৌঁছাতে সেমিনার
- Update Time : ০৫:৪৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৭ Time View

স্টাফ রিপোর্টার:স্বল্প আয়ের জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ এবং ভিটামিনের ঘাটতি দূরীকরণে ভিটামিন সমৃদ্ধ (ফর্টিফাইড) ভোজ্য তেলের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে “স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ভিটামিন সমৃদ্ধ ভোজ্য তেল সমৃদ্ধকরণে স্বল্পমূল্যের প্যাকেজিং: সম্ভাবনা ও করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটির আয়োজন করে Consumer Association of Bangladesh (CAB) এবং National Heart Foundation of Bangladesh। অনুষ্ঠানে জনস্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা, ভোক্তা অধিকার এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের নিম্ন ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর মধ্যে ভিটামিন ‘এ’ ও ‘ডি’ ঘাটতি এখনও একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এই ঘাটতি দূর করতে ভিটামিন সমৃদ্ধ ভোজ্য তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাজারে অধিকাংশ ক্ষেত্রে বড় আকারের প্যাকেজের কারণে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে থেকে যায় এসব পণ্য। ফলে ছোট ও স্বল্পমূল্যের প্যাকেজিং চালু করা গেলে সাধারণ মানুষ সহজেই ভিটামিন সমৃদ্ধ তেল কিনতে সক্ষম হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, ভোজ্য তেল ফর্টিফিকেশন কর্মসূচিকে সফল করতে উৎপাদক প্রতিষ্ঠান, সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ভোক্তা সংগঠনগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মান নিয়ন্ত্রণ, বাজার তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, স্বল্পমূল্যের ছোট প্যাকেট বাজারজাত করা হলে একদিকে যেমন দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে ভিটামিন সমৃদ্ধ তেলের ব্যবহারও বৃদ্ধি পাবে। এতে অপুষ্টিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি কমে আসবে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
আলোচকরা ভোক্তাদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কার্যকর নীতি গ্রহণ, নিয়মিত তদারকি এবং ভিটামিন সমৃদ্ধ ভোজ্য তেলের প্রাপ্যতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা দেশের প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের কাছে পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহজলভ্য করতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন এবং এ বিষয়ে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



























