০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে রাসিক, ভাড়া না বাড়ানোর ঘোষণা
মো: আতিকুর রহমান
- Update Time : ০৩:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ৪৮ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব বিভাগ। নগরবাসীর ভোগান্তি কমাতে এবং ভাড়া সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে রাসিক।
রাসিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় রাজশাহী সিটি কর্পোরেশন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছে যে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি করেনি। তাই নগরবাসীকে অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ ঘোষণার পরপরই বিষয়টি তদারকির জন্য নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করে রাসিকের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করেন।
তারা চালকদের সতর্ক করে জানান, সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় করা যাবে না। পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় যাত্রীদের অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
রাসিকের কর্মকর্তারা বলেন, নগরবাসীর স্বার্থ রক্ষা এবং গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
নগরবাসীর প্রত্যাশা, রাসিকের এই উদ্যোগের ফলে অটোরিকশা ভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ও অনিয়ম কমবে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে যাতায়াত করতে।
Tag :




























