০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা টুকু
আতিকুর রহমান
- Update Time : ১২:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১৬ Time View

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং বালুমহাল নিয়ন্ত্রণের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু।
শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে এহসানুল কবির টুকু বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং বালুমহাল নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। কিন্তু এসব অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ বা দলিল উপস্থাপন করা হয়নি। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সভাপতির দায়িত্ব গ্রহণ সম্পূর্ণ আইন ও প্রচলিত বিধি অনুসরণ করেই হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন, সভাপতির দায়িত্ব পালন এবং প্রশাসনিক কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তাই নিয়োগ বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এলাকার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে।
সরকারি জমি দখল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অনিয়ম কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগও তিনি জোরালোভাবে অস্বীকার করেন। তিনি বলেন, এসব অভিযোগের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
এহসানুল কবির টুকু গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য-উপাত্ত যথাযথভাবে যাচাই-বাছাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়া উচিত। একপাক্ষিক বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, ভবিষ্যতেও যদি তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়, তাহলে নিজের সম্মান ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
Tag :














