পলাশকে মাদকমুক্ত গড়ে তুলতে সাঁড়াশি অভিযান দুই দিনে ২৯ আটক
- Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১০ Time View

নরসিংদী প্রতিনিধিঃ মাদকমুক্ত পলাশ গড়ার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পলাশ থানা পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অভিযানের আওতায় চরসিন্দুর ইউনিয়নের চড় আলিনগর, চরসিন্দুর বাজার, চলনা গ্রাম এবং দক্ষিণ দেওড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় তল্লাশি ও বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা, গাঁজা, দেশীয় মদ এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্ট অভিযোগে চিহ্নিত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, “পলাশ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সহযোগিতা কামনা করেছেন। পুলিশও মাদক নির্মূলে সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছে।

























