রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার বিক্ষোভ
- Update Time : ১২:৪৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৭ Time View

ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর হামলা, অগ্নিসংযোগ এবং সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং চট্টগ্রামে ২১ জন ইসলামী ছাত্রসেনা ও যুবসেনা কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগর ও শাহবাগ থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান
সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা এমনকি কবরস্থানে পর্যন্ত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তারা এ ধরনের পরিস্থিতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট–এর দপ্তর সচিব মুহাম্মদ আব্দুল হাকিম চট্টগ্রামে ২১ জন ছাত্রসেনা ও যুবসেনা কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে “উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক” বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি ডা. এস এম সরওয়ার বলেন, কোনো ধর্মই অন্য ধর্মের ওপর সহিংসতা, হামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সমর্থন করে না। তিনি এসব কর্মকাণ্ডকে উগ্রবাদী কার্যকলাপ হিসেবে আখ্যায়িত করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন বলেন, বিশ্বজুড়ে অশান্তি ও সহিংসতার পেছনে জড়িত শক্তিগুলো একই চরিত্রের। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা এনাম রেজা, মোশাররফ হোসেন শহীদুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শাফায়েত উল্লাহ, ইঞ্জিনিয়ার বিএম এরশাদ এবং কবি ইসমাইল হোসেন জনি।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
(বিজ্ঞপ্তি)























