
বিশেষ প্রতিনিধি:মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াস নগর ইউনিয়নের সাহাপুর হাওরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘ ২২ দিন পানির নিচে ডুবে থাকার পর হাওরের ধান এখন ভেসে উঠেছে। পানি নেমে গেলেও কৃষকরা ধান কাটতে গিয়ে দেখছেন, সেই ধান ঘরে তোলার মতো আর অবস্থা নেই। দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে অধিকাংশ ধান পচে নষ্ট হয়ে গেছে, ফলে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাহাপুর এলাকার স্থানীয় বাসিন্দা ও সচেতন ব্যক্তি নজরুল ইসলাম কামাল বলেন, “অত্র এলাকার অনেক কৃষক আজ অসহায় অবস্থায় পড়েছেন। আমার পাশে যিনি আছেন, তিনিও অনেক টাকা-পয়সা ব্যয় করে কৃষি জমিতে ধান লাগিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে সেই ধান পচে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলাই।
কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ সব শেষ হয়ে গেল। তাই মাননীয় প্রধানমন্ত্রী, মৌলভীবাজার জেলার মাননীয় সংসদ সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ছেলে সংসদ সদস্য এম নাসির রহমানসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের আকুল আবেদন—ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।” স্থানীয় কৃষকরা জানান, ধারদেনা ও ঋণ করে তারা ধান চাষ করেছিলেন। কিন্তু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় তাদের স্বপ্ন ভেঙে গেছে। এখন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। শেষে নজরুল ইসলাম কামাল সকলের প্রতি সম্মান ও সালাম জ্ঞাপন করেন।
























