০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
রাজশাহী জেলা প্রতিনিধি, মোঃ আতিকুর রহমান
- Update Time : ১২:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি, মোঃ আতিকুর রহমান : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি ও পেজ খুলে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। একই সঙ্গে এই সাইবার সন্ত্রাসী চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) স্পষ্ট ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দফতরে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান এবং যানজট নিরসন নিয়ে আলোচনা হলেও মূল কেন্দ্রবিন্দুতে ছিল সাংবাদিকদের নিরাপত্তা ও চলমান সাইবার অপপ্রচার।
মতবিনিময় সভায় ক্ষোভ ও তথ্য-প্রমাণ হস্তান্তর
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অপরাধীদের শনাক্ত বা গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে কুচক্রী মহলটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
আলোচনাকালে সাংবাদিকরা অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সন্দেহে কাজলা এলাকার মাসুদ রানা রাব্বানী, বিলসিমলা এলাকার মাসুদ আলী পুলক এবং আমবাগান এলাকার মামুনুর রহমান কাচুসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। নেতৃবৃন্দ রাব্বানীর অতীতের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও পূর্বের মামলার নথিপত্রসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম) সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সাইবার অপরাধীদের দমনে পুলিশ আন্তরিক বলে আশ্বস্ত করেন। তবে মেটার (ফেসবুক) সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সরাসরি চুক্তি না থাকায় কারিগরি তথ্যপ্রাপ্তিতে কিছুটা সময়ক্ষেপণ ও প্রতিবন্ধকতা তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন, আরএমপির সাইবার অ্যান্ড ক্রাইম শাখা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি ও মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা নাসরিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কমিশনারের কার্যালয় থেকে মতবিনিময় শেষে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ ‘জুলাই ৩৬’-এর সামনে অবস্থান নেন। সেখানে গণমাধ্যমের সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা সামাজিক মাধ্যমে নোংরা অপপ্রচার চালিয়ে প্রেসক্লাব দখলের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দেশের বাইরে বসে-হোক সেটা মালয়েশিয়া বা অন্য কোনো প্রান্ত-ভুয়া আইডি চালালেও কেউ প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। কারা এর পেছনে অর্থ ও ইন্ধন জোগাচ্ছে, তা আমাদের অজানা নয়।” এ সময় তিনি অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারে আরএমপিকে ২৪ ঘণ্টার কঠোর সময়সীমা বেঁধে দেন। অন্যথায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর বলেন, “সাংবাদিকদের চরিত্রহরণ করা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি সরাসরি মুক্ত গণমাধ্যম ও পেশাগত স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত। যারা এই অপপ্রচারে লিপ্ত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাজিব আলী রাতুল এবং সদস্য মাজহারুল ইসলাম চপল। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত সাইবার অপরাধ দমন আইনের আওতায় দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
Tag :













