https://www.facebook.com/obaidul1991
বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন
- Update Time : ১২:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

বাংলাদেশ দূতাবাস, রোম কর্তৃক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য
মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালিয়ান নাগরিক,
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
জুলাই-আগস্ট গণআন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে
শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ০১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং চলচ্চিত্র ও প্রকাশনা
অধিদপ্তর থেকে প্রেরিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরবর্তীতে উপস্থিত প্রবাসী
বাংলাদেশীদের অংশগ্রহণে “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ‘সবার আগে বাংলাদেশ’
নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ’” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়
অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীগণ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থী,
শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ
বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের
আশ্বাস ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট গণআন্দোলন এবং বাংলাদেশের
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার
মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর
অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে
‘জুলাই গণঅভ্যুত্থান’-এর চেতনায় বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক,
ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।” তিনি জুলাই-আগস্ট
গণআন্দোলনে ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের
অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর
নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে
সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও
মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি
আহবান জানান।
(বিজ্ঞপ্তি)



















