https://www.facebook.com/obaidul1991
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- Update Time : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৩৭ Time View

এইচ.এম সাইদুল ইসলাম , দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংশিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের অবদান, পেশাগত মর্যাদা, অধিকার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, দুর্গাপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ সহ অন্যান্য শিক্ষকগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন । এতে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করান না; তাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, জ্ঞানের আলোয় আলোকিত করেন এবং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক জাতি বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা মানে জাতির ভবিষ্যৎকে সম্মান জানানো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সংরক্ষণ এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষা ও শিক্ষকতার মর্যাদা আরও সমুন্নত রাখার প্রত্যয়কে তুলে ধরে।





















