০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে জমি বিরোধে জামায়াত কর্মীর হামলায় বিএনপি নেতা নিহত
তনি সরকার
- Update Time : ০৩:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ৪৭০ Time View

স্টাফ রিপোর্টার, মোঃ আতিকুর রহমান : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মীর টেঁটার আঘাতে মাহমুদুল হাসান কামাল (৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান কামাল আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি ভিটাদিয়া গ্রামের মরহুম হাজী খুর্শিদ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কামালের সঙ্গে প্রতিবেশী জালাল উদ্দিনের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জালাল উদ্দিন টেঁটা দিয়ে কামালকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবার ও স্থানীয়রা দ্রুত আহত কামালকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীরা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় অভিযুক্ত জালাল উদ্দিন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

























