https://www.facebook.com/obaidul1991
পলাশের ডাংগায় কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম মিয়া নামক এক তরুণ নিহত হয়েছে। খুনি চালকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- Update Time : ১২:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১০ Time View
নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর পলাশ উপজেলায় বেপরোয়া গতির প্রাণ-আরএফএল গ্রূপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম মিয়া (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের বকুলতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা বাজার এলাকার মালদ্বীপ প্রবাসী শামীম মিয়ার ছেলে। সে স্থানীয় ডাংগা দাখিল মাদ্রাসার ছাত্র ছিল।
ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে সায়েম মিয়া সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিল। পথে ডাংগা বকুলতলা এলাকার সামনের সড়কে পৌঁছালে পিছন থেকে আসা “প্রাণ-আরএফএল” কোম্পানির একটি দ্রুতগামী ও বেপরোয়া কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম সড়ক থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক কাভার্ডভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ধাওয়া করে পাঁচদোনা এলাকা থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করতে সক্ষম হলেও চালক পলাতক রয়েছে।
এদিকে, সায়েম মিয়ার এই অকাল ও নির্মম মৃত্যুতে ডাংগা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবি এবং ঘাতক চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে আজ রবিবার (২৮ জুন) বিকেলে দুর্ঘটনাস্থল ডাংগা বকুলতলা এলাকার সামনের সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী, সহপাঠী ও ক্ষুব্ধ জনতা।
মানববন্ধনে বক্তারা নিরাপদ সড়কের ওপর জোর দিয়ে বলেন, বেপরোয়া যানচলাচলের কারণে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সায়েম মিয়ার অবুঝ মৃত্যুর জন্য দায়ী প্রাণ-আরএফএল-এর ঘাতক চালককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

























