https://www.facebook.com/obaidul1991
ফরিদগঞ্জে পাশ্ববর্তী ভবন হেলে পড়ায় আতঙ্কে ঝুঁকিতে প্রবাসী পরিবার
- Update Time : ০১:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১১ Time View

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পাশ্ববর্তী একটি পাকা ভবন হেলে পড়ায় আতঙ্ক ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে প্রবাসী আক্তার হোসেনের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের কেরোয়া, মীরপুর রোড এলাকায়।
এ ঘটনায় প্রবাসী আক্তার হোসেন পাটওয়ারী প্রতিকার চেয়ে হেলে পড়া ভবনের মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফরিদগঞ্জ পৌর প্রশাসকের কাছে আবেদন করেছেন। তবে এখনো কোনো প্রতিকার পাননি বলে তিনি অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভার কেরোয়া মৌজায় মীরপুর রোডের পাশে বিদেশে কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত জমির ওপর ২০০৭ সালে তিনতলা ভবন নির্মাণ করেন আক্তার হোসেন। তিনি পরিবার ও ভাড়াটিয়াদের নিয়ে সেখানে বসবাস করে আসছেন।
চলতি বছরের ২৬ রমজান পার্শ্ববর্তী বাসিন্দা দেলোয়ার হোসেনের পাঁচতলা ভবনটি হঠাৎ বিকট শব্দে আক্তার হোসেনের ভবনের দিকে হেলে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এবং রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।

বর্তমানে প্রবাসী আক্তার হোসেনের পরিবার ও ভাড়াটিয়ারা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন। হেলে পড়া ভবনের পাশ দিয়ে চলাচল করতেও ভয় পাচ্ছেন এলাকাবাসী ও পথচারীরা।
অপরদিকে অভিযুক্ত ভবনের মালিক দেলোয়ার হোসেন জানান, পৌর কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি চারতলা করার কথা থাকলেও বাস্তবে এটি পাঁচতলা নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় ভবনের ভাড়াটিয়াদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোন ভবনটি কিভাবে হেলে পড়েছে তা নির্ধারণে টেকনিক্যাল টিম প্রয়োজন। এজন্য বুয়েট ও চুয়েটকে অবহিত করা হয়েছে। তাদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




















