১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব :আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী দা.বা.
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৩:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৬৯ Time View


বিশেষ প্রতিনিধি:জামিয়া কাসিমুল উলূম কাকরদিয়া শেওলা দক্ষিনভাগ মেওয়া বিয়ানীবাজার সিলেট এর আবনা-ফুযালা ও হুফফাযের সংগঠন “আল কাসিম পরিষদ সিলেট মহানগর” এর উদ্যোগে গতকাল ৯ নভেম্বর ২০২৬ ঈসায়ি সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জেলাপরিষদ মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে কওমি উলামায়ে কেরামের দায়িত্ব ও করণীয়’ শীর্ষক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা জুবায়ের আল মাহমূদ, মাওলানা লুৎফর রাহমান ও মাওলানা আশরাফ হুসাইন ফুয়াদীর যৌথ সঞ্চালনায় ও
আল কাসিম পরিষদের আহ্বায়ক মাওলানা নুর আহমদ কাসেমী সাহেবের সভাপতিত্বে পরিষদের সদস্য সচিব মুফতি আবু মুহাম্মদ ইয়াহইয়া সাহেবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া মেওয়া বিয়ানীবাজার এর নির্বাহী মুহতামিম মাওলানা শায়খ আব্দুল মতিন দা. বা.
প্রধান আলোচক হিসেবে আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হাফিযাহুল্লাহ তাঁর বক্তব্যে বলেন-
বর্তমান প্রেক্ষাপটে কওমি উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাতিল ও ভ্রান্ত মতবাদের মোকাবিলায় উলামায়ে কেরামকে আরও সোচ্চার ও সচেতন ভূমিকা পালন করতে হবে। কওমি মাদরাসার স্বকীয়তা, ঐতিহ্য, শিক্ষা-দর্শন ও দ্বীনি বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একই সঙ্গে তিনি হকপন্থী সকল রাজনৈতিক উলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোকে নতুনভাবে গঠিত একটি অরাজনৈতিক, বিজ্ঞ ও অভিজ্ঞ আলেম পরিষদের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ঐক্যবদ্ধ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দৃঢ়ভাবে বলেন, কোনো বাতিলপন্থী ও পথভ্রষ্ট গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ হয়ে কখনোই প্রকৃত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইসলামী আদর্শ ও নীতির প্রশ্নে আপসহীন থেকে হকপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা হাফিজ মাহমুদ হুসাইন, মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান,, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা শায়খ মুশতাক আহমদ খাঁন, শায়খুল হাদীস মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা শায়খ আসরারুল হক, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ জকিগঞ্জী, অধ্যাপক মাওলানা মুহিবুর রাহমান ও এডভোকেট জনাব মুহাম্মদ আলীসহ সিলেটের বিশিষ্ট উলামায়ে কেরাম।
আরও উপস্থিত ছিলেন জামিয়া মেওয়ার শিক্ষা সচিব ও শাইখুল হাদীস মাওলানা আসআদ আহমদ হাফি., শাইখুল হাদীস মুফতি কামালুদ্দিন সুনাসারী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মনজুর আহমদ সালিম হাফি. সহ অন্যান্য আসাতিযায়ে কেরাম।
সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল কাসিম পরিষদ এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল হামীদ জকিগঞ্জী, বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হা. মাওলানা রুহুল আমিন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হুসাইন ফরহাদ সহ আল কাসিম পরিষদ এর নির্বাহী কমিটি ও মহানগর এর নেতৃবৃন্দ।
সম্মেলনে বিশেষ গুরুত্বের সঙ্গে আগামী ৯ ও ১০ ডিসেম্বর ২০২৭ ঈসায়ি অনুষ্ঠিতব্য জামিয়ার দস্তারে ফযীলত মহাসম্মেলনের দাওয়াত পেশ করা হয়।
জামিয়ার নির্বাহী মুহতামিম শায়খ আব্দুল মতিন দাম.বা. এর পক্ষ থেকে আবনা-ফুযালা,হুফফায,শুভাকাঙ্ক্ষী ও দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ও দ্বীনদার সর্বস্তরের মানুষের প্রতি দস্তারে ফযীলত মহাসম্মেলন সফল ও সার্থক করতে সর্বমহলের সহযোগিতা কামনা করা হয়।
পাশাপাশি উক্ত সম্মেলনে আল কাসিম পরিষদের মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হয়। মাওলানা নূর আহমদ কাসিমীকে সভাপতি, মাওলানা জুবায়ের আল মাহমূদকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি আবু মুহাম্মদ ইয়াহইয়াকে সেক্রেটারি, মাওলানা লুৎফর রাহমানকে জয়েন্ট সেক্রেটারি ও মাওলানা আবুল খয়েরকে সাংগঠনিক সম্পাদক করে আল কাসিম পরিষদ সিলেট মহানগর এর ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষে বিশেষ অতিথি মাওলানা মুহিউল ইসলাম বুরহান দা. বা. এর বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :




























