https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠিতে বিষখালী নদীর উপর রাজাপুর ও বাকেরগঞ্জের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের উদ্যোগে ৬০০ মিটার সেতু নির্মাণের অগ্রগতি, ডিপিপি প্রণয়নের নির্দেশ
- Update Time : ০৮:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৭৯ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি পর্যন্ত বিষখালী নদীর ওপর প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। প্রকল্পটির ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দেন। এর পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই এলজিইডির প্রধান প্রকৌশলী প্রকল্পটির ডিপিপি প্রণয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে ঝালকাঠির রাজাপুরের সঙ্গে বাকেরগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে দেশের খুলনা বিভাগ ও পিরোজপুরে সাথে রাজাপুর হয়ে বেতাগী, বাকেরগঞ্জ, পটুয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। বর্তমানে বরিশাল নগরের রূপাতলী হয়ে ঘুরে পিরোজপুর বা খুলনার দিকে যেতে যে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, সেতুটি চালু হলে সেই দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসী দ্রুত প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের এ দাবির বাস্তবায়ন দেখতে চান। তাদের আশা, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিগগিরই বিষখালী নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণকাজ শুরু হবে।























