১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://sonalishopbd.com/
ঝলমলিয়া হাটে এসিল্যান্ড শিবু দাশের অভিযান: জেলিযুক্ত ৮ কেজি চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার
- Update Time : ০৪:৫৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৬ Time View

মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঝলমলিয়া হাটে ক্ষতিকর জেলিযুক্ত অপদ্রব্য মেশানো চিংড়ি বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর ৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সকাল ৭:০০ টা থেকে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা যায়, ঝলমলিয়া হাটে কতিপয় অসাধু মাছ ব্যবসায়ী কৃত্রিম উপায়ে ওজন বাড়িয়ে অবৈধ সুবিধা লাভের উদ্দেশ্যে চিংড়ি মাছে ইনজেকশন ও স্প্রের মাধ্যমে ক্ষতিকর জেলি পুশ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭:০০ টায় হাটে সারপ্রাইজ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় হাতেনাতে জেলিমিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধ ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে আর্থিক জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৮ কেজি ভেজাল চিংড়ি উপস্থিত সর্বসাধারণের সামনে ধ্বংস করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, মাছে জেলি বা বিভিন্ন রাসায়নিক অপদ্রব্য মিশিয়ে বিক্রি করা শুধু একটি গুরুতর অপরাধই নয়, এটি মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এ ধরনের বিষাক্ত খাবার গ্রহণের ফলে কিডনি, লিভার ও পরিপাকতন্ত্রের জটিল রোগ হতে পারে। জনস্বার্থে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সুনিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে হাটের সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। এ সময় উপস্থিত সচেতন মহল মতামত ব্যক্ত করেন যে, কেবল সরকারি প্রশাসনিক পদক্ষেপের ওপর নির্ভর না করে ব্যবসায়ীদের মানবিকবোধ জাগ্রত হতে হবে এবং ক্রেতাদেরও কেনাকাটার ক্ষেত্রে সচেতন ভূমিকা রাখতে হবে। সকলের সম্মিলিত সতর্কতাই পারে একটি ভেজালমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তুলতে।
Tag :


























