১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
পুটিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
পুটিয়া ইউনিয়ন প্রতিনিধি
- Update Time : ১২:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৩৪ Time View
পুটিয়া ইউনিয়ন প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পুটিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মো. সফি উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন।
পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে, ছাদে, নির্মাণাধীন স্থানে, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, টায়ার কিংবা যেকোনো স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে নিয়মিত নজরদারি করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতাই ডেঙ্গুর প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে পুটিয়া ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও জনসাধারণের কল্যাণে সঠিকভাবে ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও জনস্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সচেতন করতে পরিষদের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন কার্যক্রম পুটিয়া ইউনিয়নের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
Tag :




























