১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ফ্যামিলি কার্ড শুমারি: বাঁশখালীতে তালিকা প্রকাশে ধীরগতি ও তদবিরের গুঞ্জনে উদ্বেগ আবেদনকারি
আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:২২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১০৪ Time View

আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার (Household Database) কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের চূড়ান্ত তালিকা প্রকাশে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় স্থানীয় আবেদনকারীদের মনে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শুরুতে এই পদের জন্য গত ২৫ জুলাই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের দিন নির্ধারিত থাকলেও পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৮ জুলাই বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা হয়। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, নতুন ও পুরাতন সকল আবেদনকারীর যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে গত ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত তালিকা প্রকাশের বাধ্যবাধকতা ছিল।
এর আগে গত ২৪ জুলাই বাঁশখালী উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে স্মারক নম্বর ১১২৫-এর এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের উপজেলা পরিষদ হলের রুমে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাগত যোগ্যতার মূল কপি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ এবং ট্যাব/স্মার্টফোনসহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। উক্ত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সকল প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এছাড়া স্বেচ্ছাসেবী নির্বাচনে বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং কর্তৃপক্ষ যে কোনো সময় মনোনয়ন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে বলে সতর্ক করা হয়েছিল।
নির্ধারিত সময়ে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ ও যাবতীয় ডকুমেন্টস উপস্থাপন করলেও আগস্ট মাসের ৩ তারিখ পেরিয়ে যাওয়ার পরও উপজেলা যাচাই-বাছাই কমিটি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি। এমনকি এ বিষয়ে নিশ্চিত হতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেও কোনো ধরনের তথ্যের আপডেট পাওয়া যায়নি।
এদিকে গত ৪ আগস্ট এক অনলাইন গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ জুলাই সশরীরে উপস্থিত হয়ে যারা অরিজিনাল সনদ দেখাতে পেরেছেন, তাদের আগামী ৬ আগস্ট মৌখিক ভাইভা পরীক্ষায় উপস্থিত হতে হবে। তবে অনলাইনে এই বিজ্ঞপ্তি প্রচার করা হলেও আবেদনকারীদের মোবাইলে কোনো ফোন কল কি,বা মেসেজ দেওয়া হয়নি। ৬ আগস্ট মৌখিক ভাইভা পরীক্ষায় উপস্থিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা ও এর স্বচ্ছতা নিয়ে সাধারণ আবেদনকারীদের মাঝে নানা সন্দেহের তৈরি হয়েছে।
সার্টিফিকেট যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার সময় উপস্থিত অনেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রকাশ্যে বলতে শোনা যায়—’এখানে তদবির ছাড়া চাকরি হবে না; আমি বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকে বলে রেখেছি।’ এছাড়া অনেকের বিরুদ্ধে বিরোধী দলের নেতার নাম ভাঙিয়ে তদবির করার কথা বলার গুঞ্জনও শোনা গেছে। এতে রাজনৈতিক লবিং না করে কেবল নিজের যোগ্যতার ওপর ভরসা করে ফ্যামিলি কার্ড শুমারিতে আবেদন করা সাধারণ ও মেধাবী প্রার্থীদের মাঝে তীব্র হতাশা তৈরি হচ্ছে।
নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় এবং তালিকা প্রকাশে বিলম্ব ঘটায় আবেদনকারীদের মনে নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, পূর্বে কাজের অভিজ্ঞতা ও সর্বোচ্চ ডিগ্রি থাকার পরেও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে এমন ধীরগতি অত্যন্ত হতাশাজনক।
দ্রুত যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জোরালো দাবি জানিয়েছেন ফ্যামিলি শুমারির তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে সংশ্লিষ্ট আবেদনকারীরা।
আবেদনকারীদের মধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করে জানান, ইতিমধ্যে কিছু প্রার্থীর এমন মন্তব্য ও তদবিরের দৌরাত্ম্যে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, মেধা ও যোগ্যতাকে মূল্যায়ন না করে যদি কোনো ধরনের অনৈতিক সুপারিশ কি,বা তদবীরের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়, তবে সাধারণ প্রার্থীরা চরমভাবে বঞ্চিত হবেন।
বিজ্ঞপ্তিতে তদবীরকে অযোগ্যতা বলে স্পষ্টভাবে উল্লেখ করার পরও যদি গোপনে কোনো ধরনের সুপারিশের মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হয়, তবে এর দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে মনে করছেন উচ্চতর ডিগ্রিধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীগণ।
Tag :
















