সোনাইমুড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ
- Update Time : ০৫:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৬ Time View
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং জামায়াতে ইসলামীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সোনাইমুড়ী উপজেলার ২ নম্বর নদোনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে জামায়াত তথা দাড়িপাল্লা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিল-সোনাইমুড়ী আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট মোঃ সাহাব উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন,
“আজ আমাদের প্রার্থীর গণসংযোগ শেষ করে কর্মীরা বাড়ি ফেরার সময় পাঁচবাড়িয়া গ্রামের বিএনপির কর্মী শিমুলের নেতৃত্বে মাহবুবুল হক, হালিম, জাবেদ, গোলাম মূর্তজা ও রাসেলসহ ১০-১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।”
তিনি আরও বলেন, হামলায় জামায়াতের পাঁচবাড়িয়া ওয়ার্ড সভাপতি মনির হোসেনসহ কর্মী ওমায়ের ও শিহাব আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন আরও দাবি করেন, অভিযুক্ত শিমুলের বিরুদ্ধে এর আগেও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২ নম্বর নদোনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসনগীর হোসেন এবং পাঁচবাড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সুমন।

























