sonalishopbd.com
আমন্ত্রণ জানিয়ে জেলা প্রশাসকের সভায় সাংবাদিক নেতাকে অপদস্থ করার অভিযোগ
- Update Time : ০২:১৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ৪৬ Time View


পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের তীব্র প্রতিবাদ ও নিন্দা, আইনি পদক্ষেপের প্রস্তুতি
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত করার পর সবার সামনে একজন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিকে অপদস্থ করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক সুপ্রিয়া পারভীনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ডিজার হোসেন বাদশা। তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক সম্মানহানির অভিযোগে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানোসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতির কথাও জানিয়েছেন।
একজন সাংবাদিকের পেশাগত মর্যাদা, একটি সাংবাদিক সংগঠনের সাংগঠনিক স্বীকৃতি এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশ্নে এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর বলে উল্লেখ করেছেন তিনি।
যেভাবে ঘটনার সূত্রপাত
সাংবাদিক ডিজার হোসেন বাদশা জানান, পঞ্চগড় জেলা প্রেসক্লাব প্রতিষ্ঠার প্রায় আড়াই দশক পর সম্প্রতি নতুন একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নতুন উদ্যম, প্রত্যয় ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলার সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বর্তমান কমিটি।
নতুন কমিটি গঠনের পর সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে কমিটির পরিচিতি ও দায়িত্বশীলদের তথ্য পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুই মাসে পঞ্চগড় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত অসংখ্য কর্মসূচিতে অংশগ্রহণ করে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন প্রেসক্লাবের সদস্যরা।
এরই মধ্যে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণপত্রের প্রতি সম্মান জানিয়ে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় তিনি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত হয়ে সভায় অংশগ্রহণ করেন।
সভার মধ্যে বিব্রতকর পরিস্থিতি ও অপদস্থ করার অভিযোগ
ডিজার হোসেন বাদশার অভিযোগ, সভা চলাকালে জেলা প্রশাসক সুপ্রিয়া পারভীন উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি কথা বলার অনুমতি চাইলে জেলা প্রশাসক তাঁকে প্রশ্ন করেন, তিনি ওই সভার আমন্ত্রিত কি না।
জবাবে তিনি জানান, গত ৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকেই তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণপত্রও তাঁর কাছে রয়েছে।
কিন্তু এরপর জেলা প্রশাসক প্রশ্ন তোলেন, তাঁকে কে আমন্ত্রণ জানিয়েছেন? একই সঙ্গে পঞ্চগড়ে একটি প্রেসক্লাব রয়েছে উল্লেখ করে তাঁকে চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান বলে অভিযোগ করেন বাদশা।
এ সময় সভায় উপস্থিত অন্য একটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যিনি তাঁর দাবি অনুযায়ী আমন্ত্রণ ছাড়াই সভায় উপস্থিত ছিলেন, অনুমতি ছাড়াই বক্তব্য দিয়ে বলেন, ‘ম্যাডাম, এভাবে ভুল জায়গায় চিঠিগুলো পাঠানো হচ্ছে। এ বিষয়ে আপনি ব্যবস্থা নিন।’
অভিযোগ অনুযায়ী, ওই বক্তব্যের পর জেলা প্রশাসক সুপ্রিয়া পারভীন বলেন, ‘আপনাকে যিনি চিঠি দিয়েছেন, তাঁকে আমি দেখে নেব এবং শোকজ করব।’
একই সঙ্গে তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বসেন, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। আপনার কোনো কিছু বলার থাকলে আমার অফিসে আসেন।’
এমন বক্তব্য ও আচরণে সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিদের সামনে তিনি চরম বিব্রতকর ও অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হন বলে দাবি করেন।
সরকারি আমন্ত্রণের পর এমন আচরণ কতটা গ্রহণযোগ্য?
ডিজার হোসেন বাদশা বলেন, একটি সরকারি দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হবে, সেই আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে একজন সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক নির্ধারিত সময়ে সভায় উপস্থিত হবেন, অথচ সেখানে গিয়ে তাঁকে নিজের আমন্ত্রণের বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে এবং সবার সামনে অপমানজনক পরিস্থিতির শিকার হতে হবে—এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়।
তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা কোনো সাধারণ অনুষ্ঠান নয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভায় আলোচনা হয়। সেখানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
এমন একটি গুরুত্বপূর্ণ সভায় সরকারি আমন্ত্রণে উপস্থিত হয়ে একজন সাংবাদিক নেতাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা এবং তাঁর আমন্ত্রণপত্র নিয়েই প্রশ্ন তুলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, আমন্ত্রণপত্র পাঠানোর আগে সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগঠনের পরিচয় ও প্রতিনিধিত্ব সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাই করা যেত। কোনো প্রশাসনিক বা দাপ্তরিক ভুল থাকলেও তা সৌজন্যপূর্ণ ও প্রাতিষ্ঠানিকভাবে সমাধান করার সুযোগ ছিল। কিন্তু একজন আমন্ত্রিত ব্যক্তিকে সবার সামনে এভাবে বিব্রত করা কোনোভাবেই শোভনীয় নয়।
ব্যক্তিগত অপমান নয়, সাংগঠনিক মর্যাদার প্রশ্ন
পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি শুধু তাঁর ব্যক্তিগত সম্মানহানির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে একটি সাংবাদিক সংগঠনের পরিচয়, মর্যাদা, স্বীকৃতি ও সাংগঠনিক অস্তিত্বের প্রশ্ন জড়িত।
তিনি বলেন, একটি সংগঠনের দায়িত্বশীল পদে থেকে যখন কোনো প্রতিনিধি সরকারি আমন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন, তখন তিনি শুধু ব্যক্তিগত পরিচয়ে সেখানে উপস্থিত থাকেন না; বরং সংগঠনের প্রতিনিধিত্বও করেন। সেই প্রতিনিধিকে প্রকাশ্যে অসম্মান করা হলে তা সংশ্লিষ্ট সংগঠনের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাব কোনো ব্যক্তিবিশেষের ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। এটি সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার, মর্যাদা ও দায়িত্বশীলতার একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম। সংগঠনের স্বীকৃতি ও মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বা অসম্মান মেনে নেওয়া যায় না।
রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে সাংবাদিকতায় পথচলা
নিজের রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনের প্রেক্ষাপট তুলে ধরে ডিজার হোসেন বাদশা বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে পঞ্চগড় জেলায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক হিসেবে তাঁকে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
তাঁর ভাষ্যমতে, ওই সময়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা গাড়ি ভাঙচুরের দুটি মামলাসহ মোট নয়টি মামলার আসামি হিসেবে তাঁকে দীর্ঘ সময় কারাভোগ ও আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। পাশাপাশি এনএসআই, ডিজিএফআই, ডিএসবি, এফেক্সসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ও জবাবদিহির মধ্যেও থাকতে হয়েছে বলে তিনি দাবি করেন।
রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন সময়ে চাপ, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে এত প্রতিকূলতা, মামলা, কারাভোগ ও নানা বাধা-বিপত্তির মধ্যেও সাংবাদিকতা থেকে নিজেকে সরিয়ে নেননি বলে জানান বাদশা। বরং পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বর্তমানে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং জেলার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকতা কারও অনুগ্রহ নয়, এটি পেশাগত অধিকার
ডিজার হোসেন বাদশা বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা প্রশাসনের অনুগ্রহের বিষয় নয়। একজন সাংবাদিকের দায়িত্ব হলো জনস্বার্থে তথ্য সংগ্রহ করা, সত্য তুলে ধরা এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি সম্পর্কে জনগণকে অবহিত করা।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংগঠনিক স্বীকৃতি নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তব্য।
তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের প্রতিপক্ষ নয়। বরং জনস্বার্থ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় উভয়ের দায়িত্ব রয়েছে। মতপার্থক্য থাকতে পারে, সাংগঠনিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই একজন সাংবাদিককে প্রকাশ্যে অপমান বা তাঁর পেশাগত মর্যাদাকে খাটো করা গ্রহণযোগ্য হতে পারে না।
আইনি পদক্ষেপের প্রস্তুতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
ঘটনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ডিজার হোসেন বাদশা বলেন, আমন্ত্রণ জানিয়ে সভায় উপস্থিত হওয়ার পর এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একই সঙ্গে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় সংগঠনের পক্ষ থেকেও এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি জানান, বিষয়টির আইনগত দিক পর্যালোচনার জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করা হচ্ছে। ব্যক্তিগত ও সাংগঠনিক সম্মানহানির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার যথাযথ তদন্ত, প্রয়োজনীয় ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, ‘একজন সাংবাদিক নেতাকে অপদস্থ করা মানে শুধু একজন ব্যক্তিকে অপমান করা নয়; বরং এর মাধ্যমে সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করা হয়। আমরা কারও সঙ্গে বিরোধ চাই না, কাউকে অসম্মান করতেও চাই না। আমরা শুধু চাই পারস্পরিক সম্মান, পেশাগত স্বীকৃতি এবং দায়িত্বশীল আচরণ। প্রশাসনের কাছেও আমাদের প্রত্যাশা, সাংবাদিকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সৌজন্য, নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখা হবে।
————- পঞ্চগড় জেলা প্রেসক্লাব






















