০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীর খানখানাবাদে উন্নয়নের নামে হরিলুট: সরকারি সিডিউল উপেক্ষা করে সড়কে দেওয়া হচ্ছে ভাঙা ইট!
আনিছুর রহমান
- Update Time : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৮২ Time View

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সুন্দরী পাড়ায় একটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালার সিডিউল অনুযায়ী উন্নতমানের (১ নম্বর) ইট দিয়ে কাজ করার কথা থাকলেও, সেখানে দেদারসে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ভাঙা ইটের টুকরো। এতে প্রকল্পের স্থায়িত্ব নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে সুন্দরী পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার সলিং হেরিংবোন বন্ডের (HBB) কাজে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। যেখানে আস্ত এবং মজবুত ইট দেওয়ার কথা, সেখানে বিছানো হচ্ছে আধলা এবং ইটের খোয়া। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের যোগসাজশেই সরকারি অর্থের এই অপচয় ও হরিলুট চলছে।

এলাকাবাসীর দাবি, বাংলাদেশের কোনো সরকারি উন্নয়ন প্রকল্পের সিডিউলেই ভাঙা নিম্নমানের ইট ব্যবহারের বিধান নেই। তাহলে কোন ক্ষমতাবলে সুন্দরী পাড়ায় এই অনিয়ম চলছে? স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় হওয়া এই উন্নয়ন কেন শুরুতেই নষ্ট করা হচ্ছে? বরাদ্দ ঠিকই আছে, কিন্তু কাজ হচ্ছে দায়সারা।
এই অনিয়মের বিষয়ে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ সরাসরি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (PIO) হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রশ্ন—সরকারি সিডিউল লঙ্ঘন করে কেন এই নড়বড়ে কাজ হচ্ছে?
মাঠ পর্যায়ে তদারকি করার দায়িত্ব যাদের, তারা কেন নীরব? অবিলম্বে এই কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সামগ্রী ব্যবহার করা হবে কি না? উন্নয়নের এই শুভঙ্করের ফাঁকি বন্ধ করতে অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় এলাকাবাসী এই নিম্নমানের কাজ প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন।
Tag :





























