হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাশিমা (৩৬) নানে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহত নাশিমা (৩৬) পার্শ্ববর্তী রানীশূকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফাজিলপুর গ্রাম এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মরদেহের অবস্থা এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত দেখে এটি হত্যাকান্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পার থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শূরু হয়েছে।


















