সেন্টমার্টিনের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩
- Update Time : ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১২ Time View

চট্টগ্রাম অফিস : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নৌকায় বন্দি করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে একটি বড় দল সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্রে অবস্থান করছে। খবর পেয়ে রবিবার রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচার চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়।
ভুক্তভোগীদের মধ্যে ৫২ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা মহিলা, ৪ জন রোহিঙ্গা শিশু, ২ জন পুরুষ মায়ানমার নাগরিক, ৭৫ জন বাংলাদেশী পুরুষ, ২ জন বাঙালি মহিলা ও ১ জন বাঙালি শিশু রয়েছে।
উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ড আরো জানায়: উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থী উভয়ই রয়েছেন।
চক্রের কৌশলে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগীদের সংগ্রহ করেছিল।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন
আটককৃত পাচারকারী ও উদ্ধার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়ে বলেন, ”মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


















