নরসিংদীর বেলাবতে অবৈধ জ্বালানি মজুদ: দোকানদারকে কারাদণ্ড ও জরিমানা
- Update Time : ০৩:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১৯৪ Time View

বিশেষ প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে এক খুচরা দোকানদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের বাদশা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজিজ সারতাজ জায়েদ। অভিযানে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য মজুদ রাখার অভিযোগে ওই দোকানদারকে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত ব্যক্তি পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘন করায় ধারা ২০(১)(ক) অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ জানান, পাটুলী ইউনিয়নের বাদশা মোড় এলাকায় সন্দেহভাজন মুদি দোকানগুলোতে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুদ রয়েছে কি না তা যাচাই করতে অভিযান চালানো হয়। এ সময় একজন দোকানদারকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধভাবে জ্বালানি মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযানে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













