https://www.facebook.com/obaidul1991
চট্টগ্রামের বাঁশখালিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০১:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৪২ Time View

বাঁশখালী প্রতিনিধি:আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই (শুক্রবার) সকালে আয়োজিত কর্মসূচি র্যালি উপজেলার মিয়ার বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে জিএস প্লাজা শপিং সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
র্যালি ও সমাবেশে উপস্থিত থেকে তিনি বলেন, মাদক একটি জাতির জন্য ভয়াবহ একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ একান্তই প্রয়োজন।

এ সময় উপস্থিত যুব সমাজের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুব সমাবেশে উপজেলা যুব বিভাগের সভাপতি বলেন, দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় বরং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
র্যালিতে যুব বিভাগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন।
এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, যুব বিভাগের দায়িত্বশীল, স্থানীয় আলেম, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।














