সোনাইমুড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর টহল শুরু
- Update Time : ০২:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৬ Time View
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে।
সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ টহল পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে একযোগে সোনাইমুড়ী উপজেলার দীঘিরপাড়, সোনাপুর, আমিশাপাড়া, মুহুরীগঞ্জ, বাংলাবাজার, জয়াগনদনা এলাকাসহ সকল নির্বাচনি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল শুরু হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়মিত যৌথ টহল কার্যক্রম চালানো হবে, যা ভোট গ্রহণ ও নির্বাচন-পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এর ফলে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে এবং তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সোনাইমুড়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন নাবিল সাংবাদিকদের জানান, সোনাইমুড়ীসহ নোয়াখালীর বিভিন্ন আসনে মোট ২১ প্লাটুন সেনাবাহিনী, ১৬ প্লাটুন বিজিবি এবং ২ হাজার ৪৫০ জন পুলিশ সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
তিনি আরও জানান, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন-সংক্রান্ত সকল কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে।















